দেশে ধর্ষণের ঘটনা রোধে কঠোরতম শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের ঘটনায় দুই আসামির নাম শোনা গেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামিকে গ্রেপ্তার করতে হবে। শুধু এ ঘটনা নয়, এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার যে আইন পরিবর্তনের চিন্তাভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই যে সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এর আগে এনসিপির আহ্বায়ক দুমকিতে ধর্ষণের শিকার হওয়া জুলাই আন্দোলনের এক শহীদের মেয়েকে হাসপাতালে দেখতে যান। এ সময় আব্দুল হান্নান মাছউদ ও ডা. তাসনিম জারাসহ দলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ডা. তাসনিম জারা বলেন, ‘অপরাধ যারা করছে, তারা পুরোপুরি সমাজে ঘুরে বেড়াবে। আর যারা নির্যাতিত, তাদের কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবেশ্বে সমাজে এমনটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পরিস্থিতিকে আমাদের রূপান্তর করতেই হবে। যারা দোষী, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিগত বছরগুলোয় যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেটা থেকে আমাদের বের হতেই হবে।’