প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে সুদানের সেনাবাহিনী

সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দুই বছর ধরে চলা সংঘর্ষের পর তারা এ সফলতা অর্জন করে।

স্থানীয় সংবাদমাধ্যমকে সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদ্দালাহ জানিয়েছেন, সেনাবাহিনী প্রাসাদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। রাজধানী খার্তুমে অবস্থিত মন্ত্রণালয়গুলোও নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। 

আবদাল্লাহ জানিয়েছেন, আমাদের বাহিনী শত্রুদের সরিয়ে তাদের বিরাট অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুরোপুরি জয় না আসা পর্যন্ত এই লড়াই চলবে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ও ছবিতে বিধ্বস্ত প্রাসাদের ভেতরে সেনাদের দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানীর মধ্যাঞ্চলীয় কিছু এলাকায় থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে।

শুক্রবার খার্তুমে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায় এবং সেনাবাহিনী প্রাসাদের দক্ষিণে অঞ্চলটির বিস্তীর্ণ অংশ দখল করে রাখা আরএসএফকে কোণঠাসা করার চেষ্টা করার সময় রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা করা হয়েছিল।

সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল-আইসার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছেন, সেনাবাহিনী প্রাসাদটি পুনর্দখল করেছে। আজ পতাকা উত্তোলন করা হয়েছে, প্রাসাদ ফিরে এসেছে এবং বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাত্রা অব্যাহত থাকবে।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের এ সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে। সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আছে। আরএসএফ কোথাও কোথাও গণহত্যা চালিয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন। উভয় পক্ষই তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে, সশস্ত্র বাহিনীতে আধাসামরিক বাহিনীর একীকরণকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর আরএসএফ দ্রুত খার্তুমের প্রাসাদসহ শহরের বাকি অংশও দখল করে নেয়।