ছিনতাইকারী সন্দেহে গণধোলাই, নিহতের পরিচয় মিলল

রাজধানীর চকবাজারে গণধোলাইয়ে নিহত ছিনতাইকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম আসিফ (১৮)। হাসপাতালে আসিফের মা তানিয়া বেগম তার পরিচয় সনাক্ত করেন।

তিনি জানান, তার ছেলে আসিফ ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতেন। তারা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় থাকেন। আসিফের বাবা মো. জহির রিকশাচালক।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার এক বন্ধুর জন্মদিনে উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন আসিফ। এরপর আর রাতে বাসায় ফেরেনি। সকালে লোকমারফত জানতে পারেন, ছিনতাইকারী সন্দেহে আসিফসহ পাচজনকে মারধর করেছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি ছেলের মরদেহ দেখতে পান। তবে তার ছেলে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেন তিনি।

এদিকে এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জাহিদুল ইসলাম (১৭)। হাসপাতালে জাহিদুলের বাবা শাহআলম জানান, তাদের বাসা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায়। জাহিদ বুড়িগঙ্গা নদীতে নৌকা চালাত। রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়। তবে কোথায় গিয়েছিল তা বলে যায়নি।

সকালে তিনি জানতে পারেন, মারধরের শিকার হয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে সে। পরে হাসপাতালে এসে জাহিদকে অচেতন অবস্থায় দেখতে পান। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা অশঙ্কাজনক। এ ছাড়া একই ঘটনায় আহত আতিক (১৮) নামে আরও এক যুবক ভর্তি আছে।