আবেগ দিয়ে জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল

দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছি, গোটা জাতি সুসময়ের অপেক্ষা করছে। এই সময়টা সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (২১ মার্চ) পেশাজীবীদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে কথা বলেন তিনি।

ফখরুল বলেন, দেশের চলমান সংকট সমাধানে একমাত্র পথ নির্বাচন। জাতির সামনে সবচেয়ে বড় উইজডম হবে নির্বাচন। নির্বাচন ছাড়া সংকট সমাধান হবে না।

ধর্মীয় উগ্রবাগ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, সতর্কতার সঙ্গে পথ পাড়ি দিতে হবে, জনগণকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। সবাই মিলে দায়িত্ব নিয়ে ট্রানজিশন পিরিয়ডকে সামনের দিকে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, সংস্কারের কথা বলা হচ্ছে, অথচ দু-বছর আগেই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এটা যথেষ্ট রাষ্ট্র সংস্কারের জন্য। তারপরও সংস্কার কমিশনের সঙ্গে যোগাযোগ হচ্ছে বিএনপির। সবকিছুকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি।