যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি ১৭-১৮ মার্চ দেশটিতে সফর করেন।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বিমানবাহিনী প্রধান জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর মোতায়েন করা ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমানবাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন তিনি।

আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে; যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমানবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে গত ১৫ মার্চ ঢাকা ত্যাগ করেন।