মেটাল কয়েন দিয়ে ব্যবসার নামে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার চারজন ‘ম্যাগনেটিক কয়েন’ প্রতারক চক্রের সদস্য। গত বৃহস্পতিবার রাতে আদাবর, শেখেরটেক, সূচনা কমিউনিটি সেন্টার ও কৃষি মার্কেটসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ইফতেখার আহম্মেদ, আবু নাঈম মো. ফাইজানুল হক, মো. আব্দুল হালিম তালুকদার কুরাইশি ও আবুল কালাম আজাদ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৪টি ‘অ্যান্টিক মেটাল কয়েন’, একটি ৫০ লাখ টাকার ব্যাংক চেক, নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন উদ্ধার করে।
গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, আট মাস আগে ইফতেখার আহম্মেদ মিজানুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। তাকে ‘অ্যান্টিক মেটাল কয়েন’ ব্যবসা সম্পর্কে প্রলোভন দেখান। জাপান ও ইউএসএর বিভিন্ন প্রতিষ্ঠানে এই কয়েনের ব্যাপক চাহিদা রয়েছে এবং উচ্চমূল্যে বিক্রি করতে সক্ষম বলে জানান ইফতেখার।
ডিসি আরও বলেন, গত ১৮ সেপ্টেম্বর গুলশানে একটি হোটেলে মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করে তারা জানান, প্রতিটি কয়েনের বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ইউএস ডলার। তারা একজন ভুয়া কেমিস্ট মো. আব্দুল হালিম তালুকদার কুরাইশির মাধ্যমে কয়েনগুলো যাচাই করে মিজানুরকে একটি রিপোর্ট দেন। এরপর, মিজানুর রহমান অগ্রিম ৪৫ লাখ টাকা দেন এবং পরে আরও ৭৫ লাখ টাকা নগদ এবং ৫০ লাখ টাকার ইসলামী ব্যাংকের চেক দেন।