হাসনাত আব্দুল্লাহ

নির্বাহী আদেশে নয়, বিচার প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করতে হবে

নির্বাহী আদেশে নয়, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। গুম-খুনের বিচারের মাধ্যমে নিষিদ্ধ চাই।

শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ যে গুম-খুন করেছে তার বিচারের মাধ্যমে নিষিদ্ধ চাই। সরকারকে বলতে চাই- আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে যারা নির্বাচনে আনতে চায়, তাদের কাছে প্রশ্ন ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল। ২০২৩ সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল।

তিনি আরো বলেন, বাংলাদেশে এখনও গুম-খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না।

সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না। যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন বলে উল্লেখ করেন তিনি।