টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে পশু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ীরা রাজশাহী থেকে মহিষ বিক্রি করতে মির্জাপুরের কাইতলা হাটে এসেছিলেন।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোড়াই-সখীপুর সড়কের বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পশু ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারুল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।
ব্যবসায়ী পিয়ারুল জানান, ব্যবসায়িক কাজ শেষ করে সন্ধ্যায় তারা প্রাইভেটকারযোগে নিজ এলাকায় ফিরছিলেন। পথে বাঁশতেল নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তাদের গাড়ির গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা এলোপাথাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর গাড়ির গ্লাস ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়।
খবর পেয়ে মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি মোশারফ হোসেন।