জিএম কাদের বললেন

সেনাবাহিনী নিয়ে মন্তব্য জনস্বার্থের অনুকূলে নয়

সেনাবাহিনীকে ডিস্টার্ব করা বা তাদের সম্পর্কে মন্তব্য করা জনস্বার্থের অনুকূলে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। গতকাল শনিবার রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাপা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। প্রতিটি রাজনৈতিক দলকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, প্রতিযোগিতা কমিয়ে দেওয়ার রাজনীতি কখনোই সফল হবে না। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।