এভারেস্টজয়ী বাবরের লক্ষ্য এবার অন্নপূর্ণা-১

মাউন্ট এভারেস্ট ও লোৎসে জয়ের পর এবার পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ অভিযানে নেপাল যাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারীর সন্তান পর্বতারোহী বাবর আলী। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বাবর জানান, উচ্চতার দিক দিয়ে পৃথিবীর দশম স্থানে রয়েছে অন্নপূর্ণা-১ পর্বত, উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। এই পর্বতের পরতে পরতে বিপদ লুকিয়ে থাকে। এবার বিপজ্জনক এই পর্বতের চূড়ায় দাঁড়াতে যাচ্ছেন তিনি। অভিযানের জন্য ২৪ মার্চ সকালে নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন।

সংবাদ সম্মেলনে বাবর বলেন, প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনা শেষে কাঠমান্ডু থেকে পোখারা হয়ে তাতোপানির উদ্দেশে রওনা দেবেন। দিন চারেকের ট্র্যাক শেষে পৌঁছাবেন অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে। এখান থেকেই শুরু হবে মূল অভিযান। ৩০ মার্চ থেকে মূল অভিযান শুরু করার আশা করছেন তিনি। ওঠানামায় অন্তত এক মাস সময় লাগবে। আর পুরো অভিযান শেষ করতে সময় লাগবে অন্তত ৪০ দিন।

এভারেস্টের চেয়েও এই পর্বত বিপজ্জনক বলে জানান বাবর। তিনি বলেন, পৃথিবীতে এভারেস্টের সমকক্ষ উচ্চতার (৮ হাজার মিটার) পর্বতশৃঙ্গ আছে ১৪টি। এর মধ্যে অন্নপূর্ণা-১ অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে স্বীকৃত। এই পর্বতের গায়ে খাড়া ঢাল। তুষারধস হয় যেকোনো পর্বতের চেয়ে বেশি। আবহাওয়াও বদলায় ক্ষণে ক্ষণে। এসব কারণে পর্বতারোহীদের কাছে এটি সব সময় কঠিন চ্যালেঞ্জ বলে বিবেচিত হয়ে এসেছে। এই ভয়ানক পর্বতের চূড়ায় এর আগে কোনো বাংলাদেশি দাঁড়াননি।

সংবাদ সম্মেলনে বাবর আলীর হাতে জাতীয় পতাকা তুলে দেন ভার্টিক্যাল ড্রিমার্সের সংবাদ সম্মেলনে বাবর আলীর হাতে জাতীয় পতাকা তুলে দেন ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্যরা।

সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ও অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বলেন, এই পর্বতে খুব কম পর্বতারোহী অভিযান করেন। প্রতিবছর গড়ে ২০ থেকে ২৫ জন অভিযানে যান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভার্টিক্যাল ড্রিমার্সের উপদেষ্টা শিহাব উদ্দীন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল। এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল।

উল্লেখ্য, এর আগে দেশের কোনো পর্বতারোহী একই অভিযানে পর পর দুটি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতে পা রাখেননি। বাবরই প্রথম ব্যক্তি, যিনি একই অভিযানে দুটি আট হাজারি শৃঙ্গের চূড়ায় দাঁড়িয়েছেন।