ওয়ার্কশপগুলোতে লক্কড়ঝক্কড় বাসের খোঁজে বিআরটিএ

ঈদ এলেই অতিরিক্ত লাভের আশার দ্রুত সময়ের মধ্যে তড়িঘড়ি করে ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় বাস মেরামত ও রঙ করান মালিকরা। ফলে দূরপাল্লার সড়কে অনেক সময় এসব গাড়ি নষ্ট হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, সড়কে তৈরি হয় গাড়ির জট। গতকাল শনিবার এমন বাসের খোঁজে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গাবতলী এলাকার ওয়ার্কশপগুলোতে ফিটনেসবিহীন বাস খুঁজে বেড়ান।

তারা কাজ চলমান থাকা গাড়িগুলোর নম্বর টুকে নেন এবং সঙ্গে সঙ্গেই অনলাইন সিস্টেমে ফিটনেস আছে কিনা সেটা চেক করেন। ওয়ার্কশপকর্মীদের নির্দেশ দেওয়া হয়, আপনারা আপনাদের প্যাডে লিখিত দেন যেসব গাড়ির ফিটনেস নেই এবং তাড়াহুড়ো করে ঈদের আগে ঠিক করতে চাওয়া হচ্ছে, এইসব গাড়িকে আগামী ১৪ এপ্রিলের আগে কোনো ছাড়পত্র দেওয়া যাবে না।