নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর সাগর থেকে ভাসমান অবস্থায় বিজিবি সদস্য মোহাম্মদ বেলালের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট দিয়ে উদ্ধার করে আনা হয় বলে। স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় টেকনাফে নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়েছিল। এ নিয়ে ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার হয়েছে। মৃত উদ্ধার মোহাম্মদ বেলাল (২৮) বিজিবির শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিক বিজিবি সদস্যের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সাথে একটি চাইনিজ রাইফেল এবং গুলি ভর্তি ৪টি ম্যাগাজিন থাকার তথ্য পাওয়া গেলেও মৃতদেহের পাশাপাশি এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউপি সদস্য আব্দুল মান্নান, শুক্রবার মধ্যরাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবে যায়। এ ঘটনার পর থেকে বিজিবির এক সদস্যসহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও উদ্ধার তৎপরতা চালায়।

রোববার সকালে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে সাগরে একটি লাশ ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১২টার শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাট দিয়ে লাশটি নিয়ে আনা হয়েছে। পরে লাশ গাড়িযোগে বিজিবি নিয়ে যায় বলে জানান তিনি। 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপের অদূরে সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীর দ্বীপ পশ্চিমে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ অনেকেই নিখোঁজ হন।

তবে ঘটনায় সঠিক কতজন নিখোঁজ রয়েছে তা সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করতে পারেননি। তারপরও ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত হতে নাফ নদী ও সাগরের সম্ভাব্য এলাকাগুলোতে সন্ধান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।