খুলনায় গারদখানায় পুলিশ-হাজতি হাতাহাতি

খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে গারদখানায় পুলিশ ও হাজতির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্দ হাজতির প্রহারে হাজতখানার এটিএসআই শুভংকর সাহা ওরফে শুভ (৫০) আহত হয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে এডিসি কোট (প্রসিকিউশন) মো. হুমায়ুন কবির বলেন, সকাল ১১টার দিকে হাজতখানার মধ্যে তিনজন আসামি ছিলেন। তাদের মধ্যে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও ছিলেন। অপরজন দুইজন ছিলেন ডাকাতি মামলার আসামি। এর মধ্যে আসামি মো. জাহিদুল ইসলাম রাজ ওরফে রাজউজ্জামান রাজু ওরফে গলাকাটা রাজুর নেতৃত্বে তিন আসামি হাজতখানার দুটি ক্যামেরার ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন ও ভাঙচুর করেন। এটিএসআই শুভংকর তিন আসামির কাছে বিষয়টির কারণ জানতে চাই। তখন ক্ষিপ্ত হয়ে তিন আসামি একসঙ্গে তাকে মারধোর শুরু করেন। এক পর্যায়ে আঘাতে এটিএসআইয়ের মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

প্রসিকিউশন জানান, তিন আসামি শোরগোল সৃষ্টি করে হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের তৎপরতার কারণে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারেনি।