ঝিনাইদহে ৫ দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন

আউটসোর্সিং বাতিল, সব জনবলকে রাজস্বভুক্ত, শিক্ষকদের সম্মানী বৃদ্ধিসহ ৫ দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকরা। রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখার সভাপতি তাওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ এই প্রকল্পের শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। ঈদের আগেই বকেয়া বেতন ভাতা প্রদানসহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।