মানবিক ডিসির নির্দেশে নারায়ণগঞ্জে কম দামে ডিম-দুধ-মাংস বিক্রি

সারা দেশে মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় শুরু করেছে। আজ রবিবার থেকে জেলার তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্টে সুলভমূল্যে এসব নিত্যপণ্য বিক্রি শুরু হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া বলেন, জেলা প্রশাসকের নির্দেশ ও সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম শুরু করেছি আমরা। রবিবার এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

এ সময় ডিসি বলেন, প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ শহরের তিনটি নির্ধারিত স্থানে এ সেবা প্রদান করা হবে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও তরকার মাঠ। এই কর্মসূচির আওতায় নির্ধার প্রতি ডজন ডিম ১০০ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা প্রতি কেজিদরে বিক্রি হবে।

এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার ক্রয় করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলার এই অভিভাবক।

নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতি ও দেশের শীর্ষ সয়াবীন তেল আমদানিকারকদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, তারা আমাকে কথা দিয়েছিলেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসনের নির্দেশ মেনে চলবেন। এখন পর্যন্ত তারা আমাকে দেওয়া আশ্বাস রেখে চলেছেন। ট্রাক সেলের মাধ্যমে সয়াবিন তেল, চিনিসহ অনেক পণ্য বাজার থেকে অনেক কম মূল্যে বিক্রি করছে শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। ফলে নারায়ণগঞ্জ জেলায় সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট হচ্ছে না।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম আরো বলেন, এবার নারায়ণগঞ্জবাসী, বিশেষ করে সাধারণ মানুষ একটু স্বচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারবেন বলে আশা করি।