২০২৬ সালের বিশ্বকাপের আর মাত্র এক বছরের কিছু বেশি সময় বাকি নেই। তার আগে প্রশ্ন, নেইমার কি পারবেন সেই আসরে খেলতে? খেললেও নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই গেছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে একের পর এক চোটে জর্জরিত এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১৬ মাস পর জাতীয় দলে ফিরেও চোটের কারণে মাঠে টিকে থাকতে পারেননি। চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা পেলেও শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয়েছে তাকে।
এমন পরিস্থিতিতে নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হওয়া স্বাভাবিক। তবে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও আশাবাদী, আগামী বছরের বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে। তবে এজন্য নেইমারকে নিজেকে ‘উৎসর্গ’ করতে হবে বলেই মনে করেন ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নিজেও ক্যারিয়ারে বহুবার বড় চোটের মুখে পড়েছেন। সেসব চোটকে জয় করেই তিনি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিয়েছেন। নেইমারের বর্তমান পরিস্থিতি তার নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখছেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
চারলা পডকাস্টে নেইমার প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি বিশ্বাস করি নেইমার পরের বিশ্বকাপে খেলবে। নেইমার অসাধারণ প্রতিভাধর, তবে তাকে নিজেকে উজাড় করে দিতে হবে। এটা এমন এক উপলক্ষ, যেখানে আত্মত্যাগ করাটা সার্থক। বিশ্বকাপের এখনো এক বছর বাকি। যদি সে ভালো অবস্থায় থেকে সেখানে পৌঁছাতে পারে, আমাদের ভালো সুযোগ আছে। কিন্তু তাকে নিজেকে উৎসর্গ করতে হবে—সঠিকভাবে খাওয়া, অনুশীলন এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।’
রোনালদোর মতো কিংবদন্তির অভিজ্ঞতা নেইমারের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। নেইমার চাইলে রোনালদোর পরামর্শ নিতে পারেন, কারণ তাদের দুজনেরই চোটের সঙ্গে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। রোনালদোর অভিজ্ঞতা থেকে শিখে নেইমার যদি ঘুরে দাঁড়াতে পারেন, তবে সেটা হবে ব্রাজিলের জন্য দুর্দান্ত এক প্রত্যাবর্তন।
এখন দেখার বিষয়, রোনালদোর পরামর্শ এবং নিজের আত্মত্যাগ দিয়ে নেইমার বিশ্বকাপের মঞ্চে নিজের সেরা রূপে ফিরতে পারেন কিনা। ব্রাজিলিয়ান সমর্থকরা তাকিয়ে আছেন তাদের প্রিয় তারকার প্রত্যাবর্তনের অপেক্ষায়।