বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে জনগণের সমর্থন ছিল বলেই মাফিয়া স্বৈরাচার বিদায় করা সম্ভব হয়েছে। আসুন, জনগণের প্রত্যাশা পূরণের আলোচনা করি।
আজ রবিবার রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেলে জাতীয়তবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জুলাই-আগস্টে জনতার যে অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের সমর্থন ছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে। পলাতক স্বৈরাচারের মতো একজন মাফিয়া স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে। এই যে জনগণ রাজপথে বেরিয়ে এসেছে, জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছে, জনগণ দল মত নির্বিশেষে সমর্থন দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। সবাই চেয়েছে একটি পরিবর্তন হতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু বিভিন্ন সময়ে আমাদের দেশের গণতন্ত্রকে ব্যাহত করেছে অনেকে। একদলীয় বাকশাল বলি, বিভিন্নভাবে বলি না কেন, বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে।