প্রতিবন্ধী সন্দেহে নবজাতককে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা

বরিশাল নগরীর ত্রিশ গোডাউনের সিঙ্গারা পয়েন্টে গভীর রাতে একটি নবজাতককে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে নবজাতককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।  

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নবজাতকের সঙ্গে একটি তোয়ালে, একটি ঝুড়ি ও দুধ খাওয়ার ফিডার পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিশুটির স্বজনদের শনাক্তের চেষ্টা চলছে।  

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন প্রথমে শিশুটিকে দেখতে পান এবং তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, শিশুটির পিঠ ও পায়ের গঠন দেখে মনে হচ্ছে সে শারীরিক প্রতিবন্ধী হতে পারে। ধারণা করা হচ্ছে এ কারণেই তাকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করে তোলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

ওসি মিজানুর রহমান জানান, শিশুটি বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।