জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ রবিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কনফারেন্স কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততা থাকলে আমাদের আইনে দলের বা সংগঠনের বিচারের সুযোগ আছে। তবে, দল হিসেবে কারও বিচার করা হবে কি না সে বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমরা এখানে যারা কাজ করছি, আমরা মূলত অপরাধ ও অপরাধীদের পেছনে সময় দিচ্ছি এবং তাদের বিচারের মুখোমুখি করছি। কিন্তু রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায়, সে ধরনের সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত আছে। সরকার যদি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান তাহলে এটা সম্ভব।’
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘এখানে দুটো পদ্ধতি আছে। আওয়ামী লীগে যারা শীর্ষ নেতৃত্বে আছেন তারা যে অপরাধ সংগঠন করেছেন প্রত্যেকটা অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। পাশাপাশি দল হিসেবেও কিন্তু বিচারের মুখোমুখি করা যায় (আওয়ামী লীগকে)। আমরা কিন্তু এখনো সেদিকে (দল হিসেবে বিচার) যাইনি। যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে শাখার যে নেতৃত্ব এই অপরাধগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিল যাদের ঘটনাস্থলে পাওয়া যাচ্ছে, যারা পরিকল্পনা করেছিল, বাস্তবায়ন করেছিল তাদেরকে আমরা আসামি করেছি এবং সামনে এটা চলমান থাকবে।’