জার্মানি-ইতালি থ্রিলার ছাপিয়ে আলোচনায় এক বল বয়

ইতালির সঙ্গে দ্বিতীয় লেগ ৩-৩ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের জয় তুলে নিয়ে নেশনস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি। তবে ম্যাচের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অপ্রত্যাশিত নায়কের গল্প—মাত্র ১৫ বছর বয়সী এক বল বয়, নোয়েল উরবানিয়াক।

ম্যাচের ৩৬তম মিনিটে জার্মান অধিনায়ক জোশুয়া কিমিচ কর্নার নিতে প্রস্তুত ছিলেন। ঠিক তখনই বল বয়ের দায়িত্বে থাকা উরবানিয়াক ক্ষিপ্রতার সঙ্গে বল তুলে দেন কিমিচকে। ইতালির রক্ষণভাগ তখনও নিজেদের মধ্যে আলোচনা করছিল, আর গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুম্মা ছিলেন পোস্ট থেকে কয়েক মিটার দূরে। সুযোগের সদ্ব্যবহার করে কিমিচ দ্রুত কর্নার কিক নেন, আর তা থেকে জামাল মুসিয়ালা কোনো বাধা ছাড়াই বল জালে জড়িয়ে দেন। মুহূর্তেই ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি।

দ্রুত বল ছুড়ে দিচ্ছেন নোয়েল উরবানিয়াক (ইনসেটে)

ম্যাচ শেষে উচ্ছ্বসিত উরবানিয়াক বলেন, "এটা একদম অবিশ্বাস্য! আমি কখনো ভাবিনি যে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার ভূমিকা থাকবে।" হাতে জার্মান দলের স্বাক্ষর করা একটি ফুটবল ধরে তিনি আরও বলেন, "আমাদের মধ্যে সংক্ষিপ্ত চোখাচোখি হয়েছিল। আমি বুঝতে পারলাম, কিমিচ বল চাইছেন, আর এক মুহূর্ত দেরি না করে আমি তা ছুঁড়ে দিলাম। এটা ছিল আমার জীবনের প্রথম বল বয়ের দায়িত্ব পালন!"

ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়, তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে জার্মানি।