তামিমের হার্টে রিং প্রতিস্থাপন, অবস্থার উন্নতি

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ায় দ্রুত তার হৃদযন্ত্রে রিং প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সাভারের ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে বুকে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। সোমবার সকালে সাভারের বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের টসে অংশ নেন তামিম। তবে ফিল্ডিংয়ে নামার আগেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হলে হার্টে ব্লক ধরা পড়ে।

প্রথমে তামিমকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থা বিবেচনায় তা সম্ভব হয়নি। পরে সাভারের হাসপাতালেই দ্রুত রিং পরানোর ব্যবস্থা করা হয়।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘তামিমের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য তাকে সিসিইউতে রাখা হয়েছে। একটু পর একজন কার্ডিওলজিস্ট এসে আমাদেরকে ব্রিফ করবেন তার বর্তমান অবস্থা নিয়ে।’

তামিমের অসুস্থতার ব্যাপারে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বিবৃতিতে বলেন, 'আপনারা জানেন যে আমাদের অতি প্রিয় তামিম ভাই আজ সকালে অসুস্থ হয়ে গেছেন। সকাল ৯ টা- ৯.৩০ মিনিটে উনি অসুস্থ হলে এখানে উনাকে নিয়ে আসে, এখানে ওনার চিকিৎসা শুরু হয়। একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়।'

সময়মত চিকিৎসা না পেলে আরও ক্ষতি হতে পারত ইঙ্গিত করে তিনি বলেন, 'এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছেন ওনি করেছেন। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণে চেষ্টা করছি।'