তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বিকেএসপিতে খেলার সময় হার্ট অ্যাটাকের শিকার সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা বলেন।

নিজাম জানান, তামিমকে হার্ট অ্যাটাকের পর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিমের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম শেষে ব্লক ধরা পড়ায় একটি রিং পরানো হয়।

তিনি আরও জানান, তামিমের চিকিৎসকদের সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রেখেছে এবং খেলোয়াড়দের চিকিৎসায় যে কোন সহযোগিতা দিতে প্রস্তুত। তামিম ইকবালের স্বাস্থ্য নিয়ে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট রাখবেন।

তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-২০ আন্তর্জাতিক খেলেছেন এবং বিভিন্ন পর্যায়ে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।