সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, প্রত্যাশা সারজিসের

দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে দায়বদ্ধতার জায়গা থেকে সেনাবাহিনী কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সারজিস আলম বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। হাসনাতের বক্তব্য বা লাইনগুলোর সঙ্গে তার কোনো দ্বিমত নেই। তবে পারসেপনের দিক থেকে দ্বিমত ছিল।

রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনীসহ অন্য কেউ যাতে না শোনায় সে আহ্বানও জানান তিনি।

গুজবকে ব্যাধি উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিস আলমের।