আগামীতে কেউ দল-মার্কা দেখে ভোট দেবে না: সারজিস

কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কমিটির পদ পাওয়ার পর প্রথম নিজ জেলা পঞ্চগড়ে বিশাল গাড়িবহর নিয়ে যান। সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায় আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পরে যেকোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশ আর এগুলো আর হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে তাদেরকে আর জনপ্রতিনিধি হিসাবে মেনে নেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেতার কাছে একদিন কিছু  নেন তাহলে ৫ বছর আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আর কাউকে দেওয়া যাবে না।

এনসিপির এ নেতা বলেন, আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।

এসময় তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দেখা গেছে। পরে তিনি বোদা উপজেলার উদ্দেশে গাড়িবহর নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান। বিকালে তেঁতুলিয়ায় পথসভা এবং তার নিজ এলাকা আটোয়ারীতে ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারজিস আলম।