জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস, অনেকটাই নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন অল্প কিছু এলাকায় ছোট ছোট কিছু ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। বড় কোনো আগুনের কুণ্ডলি নেই।

এদিকে পানি সংকটের কারণে ঠিকমত কাজ করতে পারছে না ফায়ার সার্ভিস। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে কাজ করতে হচ্ছে তাদের। পানি না থাকায় সোমবার দুপুর দেড়টা থেকে কাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। বিকালে মরা ভোলা নদীতে জোয়ারের পানি আসলে আবারও কাজ শুরু হবে।

রবিবার রাত থেকে সুন্দরবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করছে। নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রবিবার ফায়ার লাইন কেটে দেয় বনবিভাগ ও গ্রামবাসী। তবে আগুন কত এলাকায় ছড়িয়েছে বনভূমির ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা এখনো জানাতে পারেনি বনবিভাগ।

বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-সহকারী পারিচালক (ডিএডি) সাকরিয়া হায়দার বিকেল ৩টার দিকে এই প্রতিদেককে জানান, রবিবার রাত ৯টায় সুন্দরবনের মরা ভোলা নদীতে জোয়ার আসলে তা পাম্প দিয়ে তুলে আগুন নেভানোর কাজ শুরু করি। গভীর রাত পর্যন্ত পানি ছিটানোর কাজ চলে। আবার আজ সোমবার সকাল ১০টার দিকে নদীতে জোয়ার আসলে ফায়ার সার্ভিস আবার কাজ শুরু করে। সেটি চলেছে একটানা প্রায় সাড়ে তিন ঘণ্টা। এখন আগুন নেভানোর কাজ বন্ধ রাখা হয়েছে। পানি সংকটের কারনে আগুন নেভানোর কাজ বিঘ্নিত হচ্ছে। একটানা কাজ করা যাচ্ছেনা। চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

অল্প কিছু এলাকায় ছোট ছোট ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। বড় কোনো আগুনের কুণ্ডলি নেই। পানির সংকট না থাকলে বনের আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হতো। আগুন নেভাতে আরও অন্তত দুটি জোয়ারের অপক্ষোয় থাকতে হবে বলে মনে করছেন এই কর্মকর্তা।