সন্দ্বীপের সঙ্গে ৫০ বছরেও যোগাযোগ না থাকাটা লজ্জার: প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে ফেরি সার্ভিস চালু হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, সন্দ্বীপের সঙ্গে দীর্ঘ ৫০ বছরেও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠাটা লজ্জার। গত ৫০ বছরে যে কাজ হয়নি, খুব কম সময়ে সেটা হয়েছে। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি।

আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, সন্দ্বীপে ফেরি সার্ভিস চালু হওয়ায় এখন থেকে শিশু, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ থেকে শুরু করে সবাই নিরাপত্তার সঙ্গে সাগর পারাপার হতে পারবে। এখানে নৌবন্দর ঘোষণা, কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত, ঢাকা-কুমিরা বাস চালু, ফেরি ঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সন্দ্বীপ বাংলাদেশের অন্যতম উপকূলীয় দ্বীপ। কিন্তু স্বাধীনতার পর ঐতিহ্যবাহী এ জনপদের ভূখন্ডের সঙ্গে দেশের যোগাযোগের ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গড়ে উঠেনি। কী লজ্জাকর, ৫০ বছর পার হয়ে গেল! একদিকে বিরাট শহর ও বন্দর সবকিছু চলছে, অন্যদিকে এখানে আসতে ও নিজের বাড়িতে যাওয়ার সময় মধ্যযুগীয় অবস্থায় আমাদের চলে যেতে হয়। এটা আমরা সহ্য করে যাচ্ছি, এটা নিয়ে কোনও উচ্চবাচ্য হচ্ছে না। আজ আমরা সে কলঙ্ক থেকে মুক্ত হলাম।

তিনি বলেন, এটা মাত্র শুরু হলো। এটা আরও সুন্দর ও নিরাপদ হবে। সন্দ্বীপ যাওয়ার কথা শুনলে মানুষ যেন ভয় না করে, যাওয়ার সময় মানুষ যেন মনে না করে- কী বিপদের মধ্যে পড়তে যাচ্ছি! এখন সন্দ্বীপে শুধু নিজেরা যাব না, বন্ধু-বান্ধব, বিদেশ থেকে যারা আসবে সবাইকে নিয়ে সেখানে যাব। ফূর্তি করব, রিসোর্ট হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এদিন সন্দ্বীপের গুপ্তছড়া জেটিঘাটে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

এর আগে সোমবার সকালে উপদেষ্টাদের নিয়ে নির্ধারিত ফেরি ‘কপোতাক্ষ’ বঙ্গোপসাগরের আরেকপ্রান্ত সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া প্রান্তে যায়।