নিভেছে সুন্দরবনের আগুন, পর্যবেক্ষণ চলবে দুপুর পর্যন্ত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন নিভে গেছে। আজ মঙ্গলবার সকাল থেকে আগুনের ধোঁয়া কোথাও দেখা না যাওয়ায় বনবিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পুরো এলাকা ঘুরে দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগুন লাগার স্থানগুলোর নিচে কোনো চাপা আগুন রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বনবিভাগ। তবে আজ দুপুর পর্যন্ত আগুনের এলাকা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদি নতুন করে কোনো আগুন দেখা না যায়, তবে আজই পুরোপুরি আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করবে বনবিভাগ। 

বনবিভাগ জানায়, গতকাল সোমবার রাতভর জোয়ারের পানি তুলে ছিটানোর কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুনটি অন্তত চার একরজুড়ে ছড়িয়ে পড়েছিল এবং এই এলাকাতে লতাপাতা ও গুল্মজাতীয় গাছপালা পুড়ে গেছে।

আগুনের সূত্রপাত ঘটে গত শুক্রবার, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায়। আগুন নেভানোর কাজ চলার মাঝেই গত রবিবার দুপুরে একই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আবারও আগুন লাগে। এরপর, রবিবার রাত থেকে ফায়ার সার্ভিস ও বনবিভাগ আগুন নেভানোর কাজ শুরু করে।

সুন্দরবনে লাগা আগুন নেভানোর কাজে সহায়তা করতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ শুরু করেছে। নতুন এলাকায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই জন্য বনবিভাগ ও স্থানীয় গ্রামবাসীরা ফায়ার লাইন কেটে দিয়েছেন।

আজ সকালে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, সোমবার সন্ধ্যায় মরা ভোলা নদীতে জোয়ার আসলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বনের আগুনে পানি ছিটানোর কাজ শুরু করে। গভীর রাত পর্যন্ত পানি ছিটানো হয়। পর্যাপ্ত পানি পাওয়ায় আগুনের পুরো এলাকা ভেজানো গেছে। যার কারণে আজ সকালে নতুন কোথাও আগুনের চিহ্ন দেখা যায়নি। বলা যায় আগুন নিভে গেছে। বনের আগুন যেহেতু মাটির নিচ থেকে ছাড়ায় সেকারণে আমরা এখনই পানি ছিটানোর কাজ বন্ধ করছি না। ওই এলাকা পর্যবেক্ষণে রেখেছি। দুপুর পর্যন্ত পর্যবেক্ষণে রাখব। নতুন আগুন না থাকলে দুপুরে পরে আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুনে লতাগুল্ম জাতীয় বলা গাছ পুড়ে গেছে। এখানকার আগুনের বিস্তৃতি চার একরের মতো হবে। বনের পৃথক দুটি আগুনের ঘটনা তদন্ত করতে দুটি কমিটি আগুনের সূত্রপাত ও বনভূমির ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণের কাজ শুরু করেছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর তা জানানো হবে।