চকলেটের প্রলোভন দেখিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থানার ইমামপুর ইউনিয়নে একটি পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে প্রতিবেশী শাহ আলম খানের (৬২) বিরুদ্ধে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহ আলম খান গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামের প্রয়াত সোলাইমান খানের ছেলে। তিনি মুদি ব্যবসা করেন।
পুলিশ জানায়, গতকাল রাতে শিশুটি শাহ আলমের বাড়ির পাশে তার দোকানে খাবার কিনতে গিয়ে নিপীড়নের শিকার হয়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম খানের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় শিশুটির পরিবার আতঙ্কের কারণে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।