মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
জানা গেছে, বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে বক্তব্য দেন। পরে বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক এবং জিয়াউর রহমানের ঘোষণার ব্যাখ্যা দিতে গিয়ে বক্তব্য শুরু করলে উপস্থিত কেউ কেউ চিৎকার বক্তব্য বন্ধ করতে বলেন। এরপরও তিনি বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন।
এ সময় কয়েকজন মুক্তিযোদ্ধা পক্ষে ও উপস্থিত মঞ্চের একজন ও দর্শকদের মধ্যে কেউ কেউ চিৎকার চেঁচামেচি শুরু করলে জেলা প্রশাসক সকলকে শান্ত করেন। এর তিনি আর বক্তব্য না দিয়েই বসে পড়েন।
পঞ্চগড় পৌরসভা আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান সংক্ষিপ্ত বক্তব্য দেন। সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন বক্তব্য দেন।
সায়খুল ইসলাম বলেন, আমি স্বাধীনতার ঘোষণা ও জিয়াউর রহমানের ঘোষণার ব্যাখ্যা দিতে গেলে মুক্তিযোদ্ধা এমন কতিপয় ব্যক্তি হইচই করে বিরোধিতা করেন।