টাকা বাকি রাখায় টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানকে

প্রাপ্য টাকা না দেওয়া এবং সাবেক এক কর্মকর্তার অসাদচরণের দায়ে আজলান শাহ হকিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি মালয়েশিয়া হকি ফেডারেশন। অথচ, আজলান শাহ হকিতে গত বছর রানার্সআপ হয়েছিল পাকিস্তান। এর পেছনে সেই সাবেক কর্মকর্তাকেই দায়ী করছেন পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) বর্তমান কর্মকর্তারা।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত বছর টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানের সাবেক এক হকি কর্মকর্তা আয়োজকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। মালয়েশিয়া হকি ফেডারেশনকে প্রাপ্য টাকাও দেননি। তবে কত টাকা পাওনা আছে- সেটা উল্লেখ করা হয়নি। মালয়েশিয়া হকি ফেডারেশন সেই সময় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত দুই দেশের ফেডারেশনের মধ্যকার ঝামেলা মেটেনি।

পাকিস্তান হকি ফেডারেশন সম্পর্ক মেরামতের চেষ্টা করলেও কাজ হয়নি। ক্ষোভ কমেনি মালয়েশিয়ার হকি ফেডারেশনের। সংবাদ সংস্থাকে পাকিস্তানের এক হকি কর্মকর্তা বলেছেন, ‘সাবেক ওই কর্মকর্তার আচরণ দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্ককে প্রভাবিত করেছে। আমরা মালয়েশিয়ার কাছে ঋণী হয়ে আছি। তাই এবার আজলান শাহ টুর্নামেন্টে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে আজলান শাহ হকি টুর্নামেন্ট। পাকিস্তান অবশ্য এখনই আশা ছাড়তে রাজি নয়। তাদের আশা, আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী সপ্তাহের মধ্যে তারা মালয়েশিয়ার আমন্ত্রণ পেয়ে যাবেন। গতবারের চ্যাম্পিয়ন জাপানও এবার খেলবে না। কারণটা অবশ্য ভিন্ন। প্রায় একই সময়ে জাপান অন্য একটি টুর্নামেন্টে অংশ নেবে। জাপানের অনুপস্থিতি পাকিস্তানকে আশা জোগাচ্ছে।