পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
বিগত কয়েক বছর ধরেই ১৩ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের শিশুদের মাঝে নামমাত্র মূল্যে কখনও বিনামূল্যে ঈদের উপহার দিয়ে আসছেন বিএনপি নেতা খোরশেদ। সেই ধারাবাহিকতায় এবছরও দুস্থ ও গরিব শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
এদিকে ঈদে নতুন জামা পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সাথে আসা অভিভাবকরাও। ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলে, ঈদের নতুন জামা দিয়েছে। ঈদের দিন এটা পরব।
নতুন জামা নিতে আসা ৪ বছরের শিশু ববির মা নাজমা বেগম জানান, আমরা গরিব মানুষ। ঈদের দিন একটু ভালো-মন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করব কোথা থেকে? বাচ্চারা ঈদ এলে নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। আমাদের তারেক রহমানকে মন থেকে ধন্যবাদ জানাই।
এ সময় বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। সেই বোধ থেকেই আমাদের আজকের এই আয়োজন।