পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে ঘরে ফিরছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। ফলে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ক্রমশই যানবাহনের চাপ বাড়ছে। এতে প্রতিদিনই বাড়ছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (২৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার ৭৭৬টি ছোটবড় যানবহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ১৮ হাজার ২৩৯ টি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৫ হাজার ৫২৭টি গাড়ি চলেছে।
মোট টোল আদায় ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। এরমধ্যে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা ও পশ্চিম টোল প্লাজায় ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, এবারের ঈদযাত্রায় আজকেই সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ঈদ উপলক্ষে সেতুর টোল আদায়ে বুথ বাড়ানো হয়েছে। দুই পাশের টোল প্লাজায় ৯টি করে বুথ স্থাপন করা হয়েছে। অপরদিকে ঈদে ঘরমুখী গাড়ির চাপ বৃদ্ধি পেয়েও যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এখনও কোথাও যানজট চোখে পড়েনি।