‘পুতিন শিগগিরই মারা যাবেন এবং এটিই সত্য’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘শিগগিরই মারা যাবেন এবং এটিই সত্য, এরপর সবকিছু বন্ধ হবে’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ইউরোভিশন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে এ কথা বলেন তিনি। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট তার এই দাবির সমর্থনে প্রমাণ উপস্থাপন করেননি।

জেলেনস্কি সাক্ষাৎকারে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতায় আছেন, তা থেকে তাকে বের করে আনা উচিত হবে না যুক্তরাষ্ট্রের।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ৭২ বছরের পুতিনের ‘শারীরিক অসুস্থতা’ নিয়ে নানা খবর প্রচার হচ্ছে পশ্চিমা সংবাদমাধ্যমে। পুতিনের চেহারাতেও অসুস্থতার ছাপ লক্ষ্য করা গেছে। চলতি বছরের শুরুর দিকে তার লাল চোখ এবং হাতে একটি রহস্যময় আঘাতের ছবি তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে জল্পনা বাড়িয়েছে। বিগত বছরগুলোতে রুশ নেতার গলায় একটি ক্ষত দেখা গেছে। অনেকে বলছেন, থাইরয়েড ক্যান্সারের জন্য পুতিনের গলায় অস্ত্রোপচার করা হয়েছিল।

চলমান শান্তি ও যুদ্ধবিরতি আলোচনায় ক্রেমলিনের দাবির কাছে নতি স্বীকার না করে যুক্তরাষ্ট্রকে ‘শক্ত থাকার’ আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমেরিকা এখন এই বৈশ্বিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে পুতিনকে সহায়তা করবে না। আমি বিশ্বাস করি এটা বিপজ্জনক। এটা অন্যতম বিপজ্জনক মুহূর্ত।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার উচ্চাকাঙ্ক্ষা শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নয়।’

পুতিন তার দেশ ‘অস্থিতিশীল’ হওয়ার আশঙ্কা করছেন এবং তা ‘পশ্চিমের সঙ্গে সরাসরি সংঘাতের’ দিকেও নিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি।