৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় শ্রুতিলেখক চেয়ে আবেদন আহ্বান

‘৪৬তম বিসিএস ২০২৩’-এর লিখিত পরীক্ষায় যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন, তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে শ্রুতিলেখক নিয়োগ করা হবে। শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের আগামী ১০ এপ্রিলের মধ্যে অফিস চলাকালে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদনপত্রের সঙ্গে অনলাইন আবেদনপত্র (BPSC Form-1); প্রবেশপত্র; প্রার্থীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (অনধিক ৩ মাস পূর্বে তোলা); প্রতিবন্ধিতার সপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদের সত্যায়িত কপি; সিভিল সার্জন কর্র্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

সিভিল সার্জনসংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের সহায়তায় (যেমন দৃষ্টিপ্রতিবন্ধীর ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধিপ্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা নিজ দায়িত্বে প্রতিবন্ধী প্রার্থীকে পরীক্ষা করে প্রতিবন্ধিতার সপক্ষে প্রত্যয়নপত্র প্রদান করবেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না।

শ্রুতিলেখকের জন্য আবেদনকারীকে শুধু পিএসসি থেকে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।