ক্রিকেট শুধু ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে, ভারসাম্য চান রাবাদা

ক্রিকেটে ব্যাটারদের আধিপত্য যেন দিন দিন বাড়ছেই। একের পর এক নতুন নিয়ম করেও বোলারদের দুঃসময়ের ইতি টানা যাচ্ছে না। বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে রান উৎসবের যে ধারা তৈরি হয়েছে, তাতে বোলারদের ক্যারিয়ারই হুমকির মুখে পড়ছে। এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই আইপিএলে বোলারদের জন্য মনোবিদ রাখার পরামর্শ দিয়েছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এবার প্রায় একই সুরে কথা বললেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে নিজের হতাশার কথা জানান এই প্রোটিয়া পেসার। তিনি বলেন, ‘চাইলেই আমরা এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারি।’ তার মতে, হাই-স্কোরিং ম্যাচ দর্শকদের জন্য উপভোগ্য হলেও ক্রিকেটের মূল সৌন্দর্য ব্যাট ও বলের লড়াইয়ে। সেটির ভারসাম্য না থাকলে খেলার আকর্ষণ হারিয়ে যাবে।

রাবাদা আরও বলেন, ‘কিছু রেকর্ড ভাঙতেই পারে, এতে কোনো সমস্যা নেই। তবে সবকিছু একপাক্ষিক করা যাবে না। ব্যাট-বলের মধ্যে ভারসাম্য থাকা জরুরি। যদি সবসময় ব্যাটারদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে ফ্ল্যাট উইকেটে খেলা হয়, তাহলে একসময় ক্রিকেটের আসল মজা হারিয়ে যাবে।’

এক সময় ৫০ ওভারের ম্যাচে ২৫০ রানকেই বড় সংগ্রহ মনে করা হতো। কিন্তু এখন টি-টোয়েন্টিতে প্রায়ই দলগুলো ২০০ রানের ওপরে স্কোর গড়ে। বিশেষ করে আইপিএলে ২০০ রানের নিচে কোনো দল করলে মনে হয়, তারা ভালো ব্যাটিং করতে পারেনি! এবার তো ২০ ওভারে ৩০০ রানের সম্ভাবনাও দেখছেন অনেকে।

ফলাফল যা-ই হোক, ক্রিকেটের আসল সৌন্দর্য ব্যাট ও বলের লড়াইয়ে। তবে এই লড়াই যদি একপেশে হয়ে যায়, তাহলে সত্যিই কি খেলাটি আগের মতো উপভোগ্য থাকবে? রাবাদার প্রশ্নটিও সেটাই।