সাভারে ট্রাকচাপায় পুলিশের এক এসআইকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাকচালক মো. রাকিবকে (২৩) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এসআইয়ের নাম ফজলু হক (৪০)। তিনি সাভার মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া বোরহানগঞ্জ গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত ফজলু ট্রাফিক ডিউটি শেষ করে মোটরসাইকেলে সাভারের দিকে আসছিলেন। এসময় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পুলিশের মোটরসাইকেল দেখে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাক জব্দ ও চালকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।