যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকার টোল আদায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। ফলে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ক্রমশই যানবাহনের চাপ বাড়ছে। এতে প্রতিদিনই বাড়ছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে। গতকাল বৃহস্পতিবার যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার ৭৭৬টি ছোটবড় যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ১৮ হাজার ২৩৯টি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৫ হাজার ৫২৭টি গাড়ি চলেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।