সাতক্ষীরায় দ্রুতগামী বাসের চাপায় মাহেন্দ্র আরোহী এক ব্যক্তি নিহত ও অপর ২ আরোহী আহত হয়েছেন। আহতদের বরাতে সাতক্ষীরা সদর থানার ওসি শামীনুল হক জানান, শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম যতীন্দ্রনাথ মুখার্জি (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামের মৃত ডা. শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে। আহতরা হলেন নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি (৫৬) ও সুশান্ত বিশ্বাস (৩২)।
নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি জানান, তারা দুই ভাই সকালে একটি মাহেন্দ্র করে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগামী একটি পরিবহন তাদের মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্রটি উল্টে রাস্তার ওপর পড়ে গেলে তার ভাই যতীন্দ্রনাথ গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ তাকে মৃত ঘোষণা করেন।