মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ইরাবতী নদীর ওপর ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত আভা সেতু। শুক্রবার বিকেলে ভূমিকম্পে সেতুটি ভেঙে পড়ে। ৯১ বছর বয়সী আভা সেতু ‘সাগাইং’ সেতু নামেও পরিচিত।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি মিয়ানমারের মান্দালয় ও সাগাইং অঞ্চলে ইরাবতী নদীর ওপর বিস্তৃত। ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মান্দালয়, নেপিদো ও অন্যান্য এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়ে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাগাইং শহরের কাছে।
এদিন দুপুর ১২টা ৫০মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের সাইটে বলা হয়েছে।
প্রাথমিক ভূমিকম্পের মাত্র ১২ মিনিট পরেই সাগাইং অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি শক্তিশালী আফটার শক আঘাত হানে। এ ঘটনায় দেশটির বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। সেখানে নির্মাণাধীন ভবন ধসে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছে বলে পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন।