ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে হাঁস যাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামের দুইপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে ঘুজিয়াখাই গ্রামের বাসিন্দা রোশেনা বেগমের কয়েকটি রাজহাঁস স্থানীয় জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রোশেনা বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করেন জয়দর মিয়া।

ঘটনার দুইদিন পর রোশেনার পক্ষের লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় দুই পক্ষ আপসে রাজি হলেও জয়দর মিয়ার লোকজন পুনরায় রোশেনার পক্ষের একজনকে মারধর করেন। এ নিয়ে উভয়পক্ষই থানা ও আদালতে মামলা করে।

এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল ৫টা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এ বিষয়ে জয়দর মিয়ার ও রোশেনার মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া বলেন, জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে কিছুদিন আগেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। আজ সেই পুরনো ঘটনার জের ধরেই আবার সংঘর্ষ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের ১৫ জন আহত হয়েছে। স্থানীয়ভাবে আহতরা চিকিৎসা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। শুক্রবার রাত ৯টা পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।