২০ লাখ টাকার মালামাল লুট

কালীগঞ্জে জানালা কেটে চেতনানাশক স্প্রে করে ২ বাড়িতে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ চোরের দল জানালা কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত দুই পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে। এরপর ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। চেতনানাশক স্প্রের প্রভাবে অসুস্থ হয়ে পড়া দুই পরিবারের সাতজনকে গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন—অসিম ভদ্র, তার মা লক্ষী ভদ্র, স্ত্রী সঞ্চিতা ভদ্র ও কন্যা স্মিতা ভদ্র। অপর পরিবারের সদস্যরা হলেন—বিউটি ভদ্র, তার ছেলে অরুপ ভদ্র, ও বোন পূর্ণিমা ভদ্র। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

ভুক্তভোগী পরিবারের সদস্য তিথি রানী ভদ্র জানান, গতকাল রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা জানালা কেটে ঘরে ঢোকে এবং পরিবারের সবাইকে অজ্ঞান করে ফেলে। পরে আলমারি ভেঙে ১৩ ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

সকাল পর্যন্ত কেউ জ্ঞান ফিরে না পাওয়ায় প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, চিকিৎসার পর এখন সবাই সুস্থ। শংকা কেটে গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এখনও  কেউ অভিযোগ করেনি। পুলিশ চুরির মালামাল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।