বগুড়ায় শহরের বসত বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজারের বেশি প্যাকেট আতশবাজি (পটকা) এবং তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
এরআগে শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় শহরের ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ ঘটনায় আতশবাজি সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের মালতীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) এবং ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামানিকের ছেলে হারুন (২৮)।
শনিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আতশবাজি তৈরির বিষয়ে আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে ৩,৫৪০ প্যাকেট আতশবাজি এবং তা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার ৪০০ টাকা। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।