মানিকগঞ্জের সিংগাইরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলাম ওরফে সলেমানকে (৬৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সলেমান উপজেলার সায়েস্তা ইউনিয়নের জিয়ানগর (বান্দাইল) গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।
শনিবার (২৯ মার্চ) আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিদা আক্তার নিশ্চিত করেন। সেই সঙ্গে ২২ ধারায় জবানবন্দির জন্য ভিকটিমকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, শিশুটির মেডিক্যাল পরীক্ষা প্রক্রিয়াধীন।
এর আগে শুক্রবার দিবাগত রাতে ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৩ মার্চ ভিকটিম বাড়ির পাশে সলেমান মেম্বারের দোকানে খাবার কিনতে যায়। আশপাশে কোনো লোকজন না থাকায় সলেমান শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে ভয়-ভীতি দেখিয়ে দোকান থেকে বের করে দেন। ঘটনার দুই দিন পর ভিকটিম গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন টের পায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে গ্রেপ্তারকৃত আসামি নুরুল ইসলাম ওরফে সলেমানের পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি সম্পর্কে তার নাতিন হয়। সামান্য দুষ্টুমি করেছি মাত্র, অন্য কিছু নয়।
সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।