জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি এখন রাস্তায় নামে না। কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে।
আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর ১০০ ফিটের বেরাইদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন পিছিয়ে নিতে নানা ষড়যন্ত্র চলছে। দেশে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না, জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। বিদেশে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি টার্গেট করে নানা অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, এত নির্যাতন, এত মামলা, গুম, খুন, সহ্য করেছে বিএনপি। বিএনপি করে এমন মানুষ নির্যাতনের স্বীকার হয়েছে ৯৯ শতাংশ। কিন্তু একদিন হঠাৎ করে হাসিনাকে আল্লাহ গুম করে দিলেন, মানুষ শান্তি পেল। ডাইনির হাত থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছেন। নতুন সুযোগ তৈরি করেছে।
ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের থেকে দেশ মুক্তি পেয়েছে উল্লেখ করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।