দেশের বেশিরভাগ অংশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত এই গরমের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার কোনও সুখবর নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, গরমের তীব্রতার মধ্যেই এবার কাটবে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার (২৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বার্তায় বলা হয়েছে, ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এর মধ্যে যশোর ও সিরাজগঞ্জ জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে।
এদিন দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামীকাল রবিবার (৩০ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।