লা লিগা প্রধান হাভিয়ের তেবাস ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মধ্যে তিক্ততা বেড়েই চলেছে। দুজনের মধ্যে নতুন এই বিতর্কের সূত্রপাত গত ১৫ মার্চ আনচেলত্তির ঠাসা সূচি নিয়ে করা মন্তব্য ঘিরে।
ভিয়ারেয়ালের বিপক্ষে সেদিন জয়ের পর ক্ষোভ প্রকাশ করে আনচেলত্তি বলেন, ৭২ ঘণ্টার কম বিরতিতে আর কোনো ম্যাচ খেলবে না তারা।
এ বিষয়ে তেবাসকে প্রশ্ন করা হলে রিয়াল কোচ আনচেলত্তিকে কটাক্ষ করেন, 'কোভিডের কারণে ম্যাচে পাঁচ জন বদলি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তারপর ৮৫তম মিনিটে আপনি তিনটি বদলি নামান এবং অভিযোগ করেন।'
লা লিগায় আজ শনিবার লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আগের দিন সংবাদ সম্মেলনে তেবাসের মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, 'আমি জানতাম (তেবাস) রিয়াল মাদ্রিদের প্রতি আচ্ছন্ন, কিন্তু জানতাম না যে, তিনি কোচ হতে চান।'
কোভিড মহামারীর আগে ফুটবল ম্যাচে দল তিন জন করে বদলি খেলোয়াড় নামাতে পারত, ওই সময়ে সেটা পাঁচ জন করা হয়। আনচেলত্তি তখন তিন বদলির পক্ষে ছিলেন।