নাটোরে দ্বাদশ সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার ও পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে শহরের কান্দিভিটা এলাকায় জেলা প্রশাসকের পুরাতন ডাক বাংলোর জঙ্গল এলাকায় প্রায় এক শ বস্তা সিলমারা ব্যালট পেপার, বিভিন্ন কম্পিউটারের খণ্ড যন্ত্রাংশ, টেলিফোন সেট, টেপ রেকর্ডারের কাসেটসহ বিভিন্ন আলামত জব্দ করেছে যৌথ বাহিনী। এদিকে ঐ ডাক বাংলো সংলগ্ন পুকুরে ৪টি শর্টগান, ১টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। আরো অস্ত্র রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য শনিবার (২৯ মার্চ) সকালে পুরো পুকুরের পানি ছেঁচে অভিযান শুরু করে। পুরাতন ডিসি বাংলোর পাশে তালাব পুকুরে গতকালকের মতো আজকেও অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে কৌতুহলবশত পাশের জঙ্গলে স্থানীয়রা গেলে সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বালট পেপার দেখতে পেয়ে ডিসি, এসপি এবং সেনাবাহিনী, গণমাধ্যমকর্মীদের খবর দেন। পরে যৌথ বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, দুজন ছেলে শুক্রবার সকালে পুকুরটিতে বরশি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বরশিটি পানির নিচে আটকে গেলে তাদের মধ্যে একজন বরশি ছুটাতে পানিতে নামে। এ সময় তারা দেখতে পায় একটি কম্বলের সঙ্গে বরশি আটকে আছে। পরে কম্বলটি খুলে দেখা যায় ১টি ইয়ারগান ও ১টি দোনালা বন্দুক। বিষয়টি নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ এসে নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুরের পানিতে খুঁজতে গিয়ে আরো চারটি শর্টগান পাওয়া যায়।
এদিকে নাটোরে ডিসির পুরানো বাংলোতে একটি পুকুর থেকে অস্ত্র খুঁজতে গিয়ে এক শ বস্তা ব্যালেট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি মাহবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বলেন, যে ব্যালেট পেপারগুলো পাওয়া গেছে তা সব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালেট। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালেট পেপারের যে স্থায়ীত্বকাল তা ৬ মাস। ইতিমধ্য তা সময় অতিবাহিত হয়ে গেছে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে টেন্ডারও হয়ে গেছে। বাকী ব্যালেট পেপার নিয়েও গিয়েছে। এগুলো আমাদের টেজারিতে রাখা ছিল এবং পরবর্তীতে তা উপজেলা নির্বাচনের সময় পুরানো ডাক বাংলায় স্থানান্তর করা হয়। তৎকালীন ডিসি আবু নাছের ভুইয়া বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত আছেন।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ডিসির পুরানো বাংলো সংলগ্ন পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পুকুরে আরও অস্ত্র আছে কিনা তা খোঁজ করতে পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। এ সময় পুকুরের পাশে ডাক বাংলোর জঙ্গলে ব্যালেট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে জানানো যাবে।