দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে: দুলু

দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। মানুষকে আর মিথ্যা আশ্বাস দেবেন না। মানুষ ক্ষেপে গেলে কিন্তু আর কোনও কূল-কিনারা পাবেন না।

শনিবার (২৯ মার্চ) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামে আহত নেতা-কর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপি আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক রহিম নেওয়াজ।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ ভোটের জন্য আন্দোলন করেছে, কোনও রাজনৈতিক দল গঠন করার জন্য নয়। এখন দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান।

তিনি বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা নির্বাচন নিয়ে গত সাড়ে ১৫ বছর পার করেছেন। এই সময়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কারাগারে থেকেছে। এই বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিলেন শেখ হাসিনা। দেশের মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে, ভোটের অধিকার হরণ করেছে। আমরা সেই পুনরাবৃত্তি দেখতে চাই না।

তিনি আরও বলেন, আমরা চেয়েছি, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল করার জন্য আমরা রাস্তায় নামি নাই। এ দেশের ছাত্র সমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছো। স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছো। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়েছো। কিন্তু আর যেন নতুন করে দেশে ফ্যাসিবাদ তৈরি না হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, বর্তমান কমিটির যুগ্ম আ আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমদু, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনসহ দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তাসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়। এসময় দলের জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।