সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (৩০ মার্চ) দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ। খালিজ টাইমস জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকেই ঈদের নতুন চাঁদ দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। সেখানে বেসরকারি খাতে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ায় ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে। অপরদিকে একইদিন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়াও। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। রবিবার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।
ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ব্রুনাইও। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশটিতে এবার রোজা হচ্ছে ২৯টি। এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে দেশটির মুসলিমরা।