৯ দিন বন্ধ থাকবে সোনামসজিদ বন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকবে। তবে সোনামসজিদ বন্দরের ইমিগ্রেশন দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ নিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ছুটি শেষে আগামী ৬ এপ্রিল আবারও যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন জানান, ঈদুল ফিতরের ছুটির বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও এক্সপোটার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

সোনামসজিদ বন্দরের ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) জামিরুল ইসলাম বলেন, ‘আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন পয়েন্ট স্বাভাবিক থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই যাতায়াত করতে পারবেন।’